বিসমিল্লাহির রহমানির রহীম
উৎসর্গ
সেই মুসলিম তরুণ ও তরুণীর প্রতি—
যারা পবিত্র জীবন যাপনে অত্যন্ত যত্নশীল,
যারা দাম্পত্যের প্রশান্তিময় সুখের অভিলাষী
এবং যারা এক শক্তিশালী ও ঈমানদার প্রজন্ম গড়ে তোলার স্বপ্নে বিভোর।
তাদের শুভ বিবাহের পবিত্র এই লগ্নে—
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা এই মিলনকে বরকতময় ও কল্যাণময় করুন—
আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসটি তাদের তরে উপহার দিচ্ছি।
— (মাহমূদ মাহদী আল-ইস্তাম্বুলী)
“সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যাঁর নাম অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। তিনি বিবাহের বিধান জারি করেছেন এবং এর মর্যাদা দিয়েছেন অনন্য উচ্চতা। বিবাহের এই হালাল সম্পর্কের মাধ্যমেই তিনি দ্বীনকে সুসংহত করেছেন, প্রাণীকুলের জীবনধারাকে রেখেছেন প্রবহমান এবং জনপদকে করেছেন সমৃদ্ধ ও জনবহুল। নিজ অবতীর্ণ কিতাবসমূহে তিনি বিবাহের প্রতি বারবার উৎসাহিত করেছেন। …
অন্যান্য সমস্ত স্বাদের চেয়ে দাম্পত্যের আনন্দকে বিশেষ আধিক্য ও বৈশিষ্ট্য দিয়ে তিনি এই সম্পর্কের মাহাত্ম্য স্পষ্ট করেছেন। বিশেষ করে নারীদের হৃদয়ে এই মিলনের আকাঙ্ক্ষাকে প্রবল করে দিয়েছেন, যেন তা পুরুষের জন্য স্ত্রীর প্রতি কোমল হওয়া এবং তাদের সাহচর্য লাভের এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে ওঠে।”
— আবুল হাসান ইবন নাসর আল-কাতিব বিরচিত ‘জাওয়ামি‘উল লাযযাহ’ গ্রন্থের ভূমিকা থেকে।
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
প্রথম সংস্করণ বাজারে আসার পর বছর ঘুরতে না ঘুরতেই তা নিঃশেষ হয়ে যায়; অথচ বইটির কোনো আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা চালানো হয়নি। নিজের যোগ্যতাবলেই এটি পাঠকমহলে জায়গা করে নিয়েছে এবং স্বতন্ত্র পথ তৈরি করেছে।
আল্লাহর অশেষ মেহেরবানি যে, এই গ্রন্থটি এমন অভাবনীয় সমাদর লাভ করেছে যা আমার কল্পনাতীত ছিল। বাজার থেকে কিতাবটি ফুরিয়ে যাওয়ার পর চারদিক থেকে বিপুল চাহিদাপত্র আসতে থাকে। ফলে আমি এর পরিমার্জিত সংস্করণে হাত দিতে উদ্বুদ্ধ হই। নতুন এই মুদ্রণে আমি প্রচুর তথ্য ও মনোগ্রাহী জীবনধর্মী গল্প সংযোজন করেছি, যা বইটিকে আক্ষরিক অর্থেই এক প্রকৃত ‘উপহার’ (তুহফাহ)-এ পরিণত করেছে।
এই গ্রন্থটি প্রকাশের পেছনে আমার মূল লক্ষ্য ছিল—আমাদের যাপিত জীবনের ‘যৌন অনুষঙ্গ’ বা যৌন জীবনের ওপর আলোকপাত করা। সচরাচর এই বিষয়টি লৌকিক গোপনীয়তার চাদরে ঢাকা থাকে, ঘিরে থাকে এক অদ্ভুত ভয় আর চরম অজ্ঞতা। আবার কখনো কখনো একে উপস্থাপন করা হয় অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ঢঙে, যা মানুষকে কেবল বিপথগামিতা আর পঙ্কিলতার দিকেই ঠেলে দেয়। বর্তমান সময়ে এটি একটি
