প্রকাশকের কথা
জ্ঞাননির্ভর আলোচনা যেকোনো সভ্য সমাজের অন্যতম ভিত্তি। বিশেষত আকিদার মতো মৌলিক বিষয়ে মতভেদ, প্রশ্ন ও বিতর্কের ক্ষেত্রে আবেগকে এড়িয়ে গিয়ে বরং দলিল, গবেষণা এবং মূল উৎসের আলোকে বিচার-বিশ্লেষণই হওয়া উচিত সত্য অনুসন্ধানের প্রধান পথ। কিন্তু বাস্তবতা প্রায়ই ভিন্ন চিত্র তুলে ধরে। অনেক সময় কোনো ব্যক্তি, দল বা চিন্তাধারাকে ঘিরে প্রচলিত বয়ানই ধীরে ধীরে প্রতিষ্ঠিত সত্যের রূপ নেয়। মূল গ্রন্থ পাঠ, প্রত্যক্ষ অনুসন্ধান কিংবা প্রাসঙ্গিক দলিল যাচাইয়ের প্রয়োজনীয়তা তখন আড়ালেই থেকে যায়। এই বাস্তব প্রেক্ষাপট থেকেই সাইয়েদ আবুল আ’লা মওদূদীর কলমে জামায়াতে ইসলামীর আকিদা গ্রন্থটির প্রকাশ।
বাংলাদেশের প্রধান ইসলামপন্থি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে আকিদাগত নানা অভিযোগ, প্রশ্ন ও বিতর্ক দীর্ঘদিন ধরেই আলোচিত। বিশেষ করে এর প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী রহ.-এর রচনা ও চিন্তাধারাকে ঘিরে বিভিন্ন মহলে বহুমাত্রিক সমালোচনা ও সংশয় উত্থাপিত হয়ে আসছে। আবার এসব সমালোচনার বড়ো একটি অংশে তাঁর মূল বক্তব্য, পূর্ণ উদ্ধৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ আছে। ফলে সত্য, অর্ধসত্য, একপাক্ষিক ব্যাখ্যা এবং বিচ্ছিন্ন উদ্ধৃতি অনেক সময় এমনভাবে মিশে গেছে যে, সাধারণ পাঠকের পক্ষে প্রকৃত অবস্থান নির্ণয় করা অত্যন্ত কঠিন।
এই গ্রন্থে লেখক আবেগ বা পক্ষপাতের পরিবর্তে অনুসরণ করেছেন দলিলভিত্তিক গবেষণার পথ। কুরআন-সুন্নাহ, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র, মাওলানা মওদূদী রহ.-এর মূল রচনা এবং সংশ্লিষ্ট সমালোচনামূলক গ্রন্থের আলোকে বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের পর্যালোচনা করা হয়েছে। কোথাও বিচ্ছিন্ন উদ্ধৃতির ওপর নির্ভর না করে বক্তব্যকে তার পূর্ণ প্রেক্ষাপটে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ফলে পাঠক নিজেই তথ্য যাচাই করে যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ পাবেন।
এ গ্রন্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার প্রয়াস নয়; বরং দীর্ঘদিনের প্রচলিত বিতর্কগুলোকে মূল দলিল ও উদ্ধৃতির আলোকে পুনর্বিবেচনার একটি আন্তরিক প্রয়াস মাত্র। আমরা বিশ্বাস করি, মতপার্থক্য জ্ঞানচর্চার অন্তরায় নয়;
বরং তথ্য ও প্রমাণনির্ভর বস্তুনিষ্ঠ আলোচনা জ্ঞানের নব দিগন্ত উন্মোচন করে। আমাদের প্রত্যাশা, এই গ্রন্থের আলোচনা উন্মুক্ত মন, ন্যায়বোধ এবং সত্য অনুসন্ধিৎসু মানসিকতা নিয়ে মূল্যায়িত হবে।
লেখক আলী হাসান উসামাকে আন্তরিক অভিনন্দন এই বিষয়ে কলম ধরার জন্য। আল্লাহ সুবহানাহু
