গালি দিই যা সে পাওয়ার যোগ্য নয়, তবে হে আল্লাহ! আপনি একে তার জন্য রহমতে পরিণত করে দিন‘।” (মান: হাসান)
২৩৫. হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত— উমর (রা.) বললেন, “আমাদেরকে আমাদের গোত্রের জমির দিকে (খোলা জায়গায়) নিয়ে চলো।” যাওয়ার পথে বৃষ্টি নামলে উবাই ইবনে কাব (রা.) দোয়া করলেন যেন বৃষ্টি তাদের কোনো ক্ষতি না করে। ফলে তাদের কিছু হলো না কিন্তু অন্যদের আসবাবপত্র ভিজে গেল। উমর (রা.) বললেন, “আমাদের জন্যও কেন দোয়া করলে না?” (মান: য‘ঈফ)
পরিচ্ছেদ: জমি বা বাগান পরিদর্শনে যাওয়া
২৩৬. আবু সালামাহ (রহ.) থেকে বর্ণিত— তিনি তাঁর বন্ধু আবু সাঈদ খুদরি (রা.)-এর কাছে এসে বললেন, “চলুন না আমরা খেজুর বাগানের দিকে যাই।” আবু সাঈদ (রা.) তাঁর গায়ের একটি চাদর জড়িয়েই তাঁর সাথে বের হলেন। (মান: সহীহ)
২৩৭. হযরত আলী (রা.) থেকে বর্ণিত— একদা নবী করীম ﷺ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে একটি গাছে উঠে কিছু নিয়ে আসতে বললেন। তিনি যখন উঠছিলেন, তখন তাঁর চিকন পায়ের নলা দেখে সাহাবীগণ হেসে দিলেন। রাসূলুল্লাহ ﷺ বললেন: “তোমরা হাসছো কেন? কিয়ামতের দিন মিজানের পাল্লায় আবদুল্লাহর এই এক জোড়া পা ওহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে।” (মান: সহীহ লিগাইরিহি)
পরিচ্ছেদ: মুসলিম তার অপর ভাইয়ের জন্য আয়নাস্বরূপ
২৩৮-২৩৯. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করীম ﷺ এরশাদ করেছেন: “মুমিন তার ভাইয়ের জন্য আয়না স্বরূপ। যখন সে তার ভাইয়ের মধ্যে কোনো দোষ দেখে, তখন সে তা সংশোধন করে দেয়। মুমিন মুমিনের ভাই; সে তার ভাইয়ের সম্পদ ও স্বার্থ রক্ষা করে এবং তার অনুপস্থিতিতে তাকে (সব বিপদ থেকে) আগলে রাখে।” (মান: হাসান)
২৪০. হযরত মুস্তাওরিদ (রা.) থেকে বর্ণিত, নবী করীম ﷺ এরশাদ করেছেন: “যে ব্যক্তি কোনো মুসলিমের সম্মানহানি বা বিপদে ফেলে (দুনিয়াতে) কিছু ভক্ষণ করবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন খাওয়াবেন। যে ব্যক্তি কোনো মুসলিমকে হেয় করে কোনো পোশাক লাভ করবে, আল্লাহ তাকে জাহান্নামের পোশাক পরাবেন। আর যে ব্যক্তি কাউকে লোকদেখানো (রিয়া) বা খ্যাতির জন্য কোনো অবস্থানে দাঁড় করাবে (তথা কারো নাম ভাঙিয়ে বড় হতে চাইবে), আল্লাহ কিয়ামতের দিন তাকে রিয়া ও লোকদেখানোর লাঞ্ছনাকর স্থানে দাঁড় করাবেন।” (মান: সহীহ)
