আমার ফাঁসি চাই

« <
/ 9
> »

৭ই মার্চের ভাষণ
এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনতার সভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হলো স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য। লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মূলতঃ ৪টি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন।

বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম, তারপর তিনি বিবেচনা করে দেখবেন এ্যাসেম্বলিতে যাবেন, কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭১-এর ৭ই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। ৭ই মার্চ, ১৯৭১ তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। অজ্ঞাত কারণে তিনি ৭১-এর ৭ই মার্চ পরিস্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে, স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে ৪টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না। তবে তাঁর নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা-ট্যাক্স সব বন্ধ করে দেয়ার নির্দেশ। হরতাল প্রত্যাহার করলেন। স্কুল-কলেজ, অফিস-আদালত, কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন। মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন। শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌছে দিতে বললেন। রেডিও, টেলিভিশন তাঁর সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন।

আন্দোলন নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কীভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিস্কার ধারণা ছিল না।
কোনো এক অজ্ঞাত কারণে ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তা কখনো কোনো দিন পরিস্কার জানা যায়নি।

« <
/ 9
> »