আমার ফাঁসি চাই

« <
/ 9
> »

পাকিস্তান আমাদের দেশ থেকে ১২ হাজার মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়। আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চির শত্রুদেশ ভারত। এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারত টপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না। প্রশ্নই ওঠে না। ভৌগলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল, উচিত ছিল। এমন হওয়াও বিচিত্র ছিল না যে, বিনাযুদ্ধে, বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরি ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো (ত্রিশ লক্ষ শহীদ এর এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে)। দুই লক্ষ মা-বোনদের ইজ্জতও দিতে হলো (এই দুই লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে)। আসলে শেখ মুজিবর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না। অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই। অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে।
১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবর রহমান পাকিস্তানের কাছে যে ৪টি দাবি করেছিলেন-
(১) সামরিক আইন মার্শাল ‘ল’ তুলে নিতে হবে,
(২) সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
(৩) যেসব হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে এবং
(৪) জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে।
এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো? কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিতো, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বা বঙ্গবন্ধুও তা চাইতেন না। জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তান সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি। এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূলমন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি, যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন।

« <
/ 9
> »