আমার ফাঁসি চাই

« <
/ 9
> »

৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, সিরাজ শিকদার হত্যা, একদলীয় শাসন, শেখ মুজিব হত্যা, খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি, জেল হত্যা, ৩রা নভেম্বর অভ্যুত্থান, ৭ই নভেম্বরের সিপাহী বিপ্লব
১৯৬৯ সাল, বাঙালি বীরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনল বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবর রহমানকে। তথাকথিত আগড়তলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবর রহমানসহ সামরিক-বেসামরিক-বাঙালি কিছু লোকের। কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি। শুধু তাই নয়, এই মামলা এবং বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিবরসহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে। তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ। আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান।

স্বাধীনতার পরে এই আগড়তলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায়, তাহলো পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করছে, এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল। ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভূক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল। পাকিস্তান সেনা বাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল। ঠিক এমন মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিবরসহ সামরিক-বেসামরিক বাঙালিদের গ্রেফতার করে ও আগড়তলা ষড়যন্ত্র মামলা সাজায়।

এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সেই সময় নেয়নি। তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল। এই মামলায় এমন অভিযুক্তও ছিলেন যিনি কিছুই জানতেন না। শুধু বাঙালি হওয়ার কারণেই মূলতঃ অভিযুক্ত হয়েছিলেন। পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেয়ার জন্যই এই আগড়তলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল। এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামীর কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনোও দেখেননি।

এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোই কখনো ছিল না বলে আগড়তলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায়। অভিযুক্তদের প্রায় সকলেই বলেন, বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলতঃ পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগড়তলা মামলা দায়ের করেন।

« <
/ 9
> »