বাধ্য হয়েই দেখতে হচ্ছে। সরাসরি ধ্বংসলীলা দেখানো হচ্ছে এবং এটি ভয়ংকর দৃশ্য। তা কল্পনার চেয়েও বেশি রক্ত হিমকারক।
একটু পরে জিম মুরে হন্তদন্ত হয়ে বার্তাকক্ষে প্রবেশ করলেন। তাঁর পিছু পিছু এলেন সম্পাদক মার্টিন। ঘটনার বিবরণ শোনার পর মার্টিন আমাকে নিউ ইয়র্কে পাঠানোর অভিপ্রায় ব্যক্ত করলেন। কিন্তু জিম ভাবছিলেন, আমার এখনই মধ্যপ্রাচ্যে যাওয়া উচিত। তিনি মনে করছেন, আমেরিকার মাটিতে ঘটে যাওয়া এই পাশবিকতার সঙ্গে মধ্যপ্রাচ্যের গভীর যোগসূত্র রয়েছে।
ব্যক্তিগতভাবে আমি দামেস্ক বা লেবাননে যেতে চেয়েছিলাম। ওখানে বেশ কিছু বিশ্বস্ত বন্ধু রয়েছে, যারা আমাকে সঠিক পথ প্রদর্শন করতে পারবে। ১৯৯২ সালে দামেস্কের এক গোপন পরিখায় তৎকালীন জনপ্রিয় দল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রধান আহমেদ জিবরিলের সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন ডেইজি আমার গর্ভে সাত মাস ধরে অবস্থান করছে। এই গ্রুপকে লকারবির আকাশে প্যানঅ্যাম বিমানে হামলার জন্য অনেকে দায়ী করে থাকেন। সে যাত্রায় মধ্যপ্রাচ্যের ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতির পর্দার অন্তরালের দৃশ্য দেখার প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলাম।
আমার মধ্যপ্রাচ্য-বিষয়ক অভিজ্ঞতা আরও শাণিত হয় যখন দীর্ঘদিন ফিলিস্তিন স্বাধীনতা সংগঠনের সাবেক কর্নেল দাউদ জারোরার সঙ্গে একত্রে থেকেছিলাম। এই ব্যক্তি ১৯৭২ সাল থেকে দক্ষিণ লেবাননের ফাতাহ ভূমিতে কিংবদন্তি কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি প্রয়াত ইয়াসির আরাফাতের গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত হন। আমার অনাগত সন্তানের পিতা হিসেবে তিনি নিউক্যাসলে আমার ফ্ল্যাটে উঠে আসেন রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন জানানোর পর। ইয়াসির আরাফাত আমার সঙ্গে সম্পর্ক মেনে না নিয়ে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেন। সেটা অন্য গল্প। যা-ই হোক, উনি এখনো আমার অনেক ভালো বন্ধু।
অন্যদিকে অফিসে ব্যাপক আলাপ-আলোচনার পরে বার্তা প্রতিবেদক ও জিম আমাকে নিউ ইয়র্কে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি যখন নিউ ইয়র্ক যাওয়ার জন্য গোছগাছ করছিলাম ততোক্ষণে দক্ষিণ টাওয়ার ছাইয়ের স্তূপ ও ধ্বংসাবশেষ রেখে ধসে পড়েছে। নিউ জার্সি থেকে ছেড়ে আসা সান ফ্রান্সিসকোগামী ফ্লাইট-৯৩ সমারসেট বিমানবন্দরের দক্ষিণে বিধ্বস্ত হয়।
লন্ডনের হিথরো বিমানবন্দরে যাওয়ার পথে দ্রুত বাসা থেকে কাপড়চোপড় বোঝাই কিছু ব্যাগ নিয়ে এলাম। আমি বিমানবন্দরে পৌঁছাতে পৌছাতে আটলান্টিকগামী সমস্ত ফ্লাইটের গন্তব্য বদলে কানাডায় অবতরণের সিদ্ধান্ত হয়ে গেছে। অন্যদিকে উত্তর টাওয়ারও ততোক্ষণে ধসে পড়েছে।
