সংসার অবলীলায় মেনে নিচ্ছে।
ষাটের দশকের গোড়ার কথা। বিয়ের পিঁড়িতে বসার পাঁচদিন আগে গ্রেফতার হয়ে কারাবরণ করলেন আজকের প্রাজ্ঞ রাজনীতিক, সাবেক মন্ত্রী, সে দিনের তরুণ রাজনৈতিক কর্মী আনোয়ার জাহিদ। জনাব আনোয়ার জাহিদের স্মৃতিকথা থেকে জানা যায়, জেলখানায় থাকতেই ওনার বিয়ে হয়। কনেকে জেল গেইটের বাইরে রাখা হয়, জেলের ভিতরেই অনুষ্ঠিত হয় বরের গায়ে হলুদ। জেলার মহোদয় নাকি পাগড়ি-শেরওয়ানীর ব্যবস্থাও করে দিয়েছিলেন। এমন একটি ভিন্ন রকম বিয়েতে সাক্ষী ছিলেন প্রখ্যাত সাংবাদিক জহুর আহমেদ চৌধুরী। পোড়া কপালে, শনির দশা, দুর্ভাগা-এই ধরনের সংস্কারের কারণে জনাব আনোয়ার জাহিদের বিয়ের সম্বন্ধ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল কিনা জানি না। তবে এমন ঘটনার কঠিন বিরহে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল সেলে দিনমান ধরে উচ্চস্বরে প্রিয়ার নাম জপতে দেখেছি একাধিক তরুণকে।
পদ্মাপাড়ের ছেলে হাসান। বাড়ি ঢাকার দোহারে। বিয়ের আসর থেকে গ্রেফতার হয়েছে। অনেক চেষ্টা তদবির করে মধ্যপ্রাচ্যে একটা চাকরি যোগাড় করেছিল। বিয়ের পরদিন ছিল বিমানের ফ্লাইট। ওর সাধনার সোনার হরিণ মধ্যপ্রাচ্যের চাকুরি ও ভালবাসার বিয়ে দুই-ই গেল। শুনেছি, পূর্ব শত্রুতার জের ধরে শাসক দলের এক প্রভাবশালী নেতা পুরানো মামলায় গ্রেফতার করিয়েছে। কনে পক্ষ বিয়ে ভেঙ্গে দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করলো। ভালবাসার টান মানুষকে কত কিছুই না করতে শেখায়। অবাক কাণ্ড! বিয়ের আসর থেকে ওর এক বন্ধুর সহযোগিতায় মেয়েটি পালিয়ে এসেছে সরাসরি জেল গেইটে। হাসানকে বলেছে ও অপেক্ষায় থাকবে, যদ্দিন না হাসান মুক্তি পায়। সেই থেকে হাসান কষ্টের প্রহর পার করছে মুক্তির প্রতীক্ষায়। মানসীর প্রত্যাশায়। দ্বিতীয়বার কারাগারে এসে শুনেছি হাসান মুক্তি পেয়েছে। কামনা করি, স্রষ্টা ওর মঙ্গল করুক।
দেখার গেইটে, বউয়ের তরফ থেকে বিবাহ-বিচ্ছেদের খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ার দৃশ্য প্রায়শই ঘটে। আবার কল্পনা ভাবীকে দেখেছি, বিবাহ বার্ষিকীর দিন সাত সকালে বিমোহিত গোলাপ গুচ্ছ হাতে জেল গেইটে নিষ্পলক নয়নে তাকিয়ে আছে প্রিয়জনের দিকে, বাহারি আহার ও নতুন পোষাক সঙ্গে করে। দীর্ঘমেয়াদী সাজার দুঃসহ যন্ত্রণার ভার সইতে না পেরে মানসিক বৈকল্য ঘটে পাগল সেলে আটকা পড়ার নজিরও আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে ব্যর্থ হয়ে আত্মহত্যার মাধ্যমে মুক্তির পথ বেছে নিয়েছে, এমন ঘটনাও কম নয়। ভিন্ন রকম অভিজ্ঞতার কথা বলি। কয়েদির নাম পাখি। অনেক দিনের সাজা। দুই বছর পর বউ এসে
