জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

লিখে ভবিষ্যতে বন্দী জীবনের শান্তি বিনষ্ট হবে কিনা তাই নিয়ে অনেক ভেবেছি। কেবলই মনে হয়েছে, পৃথিবীতো অল্প ক’দিনের, প্রিয় হওয়ার চেয়ে সত্য হওয়ার চেষ্টা করাই ভাল। বলা বাহুল্য, আমি চোখের দেখাকে কলমের তুলিতে চিত্রায়িত করার চেষ্টা করেছি মাত্র। এতে জেলখানার বড় বাবুরা যদি ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে বিনয়ের সাথে বলি “বিক্রমাদিত্য ভারত বর্ষ থেকে শক শত্রুদের তাড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু কালিদাসকে মেঘদূত লিখতে বারণ করেনি।” অকারণে কেউ জেল খাটুক, তেমনটা চাই না। তবে জেলখাটার বদনসিবের সম্ভাবনা যাদের আছে, তাদের এই বইটি সম্পর্কে জ্ঞান থাকা ভাল। কঠিন জেলজীবনকে সহজতর করতে বইটি সার্বক্ষণিক সহায়ক বন্ধুর কাজ দিবে।

আমার এই কথকতাকে অতিকথন ভেবে কেউ যদি ভিন্ন মতের মোড়কে বিপক্ষতা শুরু করতে চান, তাদের প্রতি সম্মান রেখেই বলব, আমার এই বাণী, “রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, রাজদ্বারে দন্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে, ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ সত্য স্বরূপ।”

মনোয়ার হোসেন রানা

ঢাকা কেন্দ্রীয় কারাগার

১৯৯৯ ২০০০ ইং


এক:জেলখানার দিনগুলি

যারা ভাবেন, জেলখানা অন্ধকারের জগৎ, গুণ্ডা-চোর-বাটপাড় ও তস্করদের আশ্রয়স্থল, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি-এই দেশে যখন থেকে মাতলামির জন্য তালগাছকে দোষারোপ শুরু হয়েছে এবং মাস্টার মহাশয়ের অক্ষমতার জন্য ছাত্রকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে রাখার রেওয়াজ চালু হয়েছে, তখন থেকেই ভাল-মন্দ সকল ধরনের মানুষকে কমবেশি জেলে আসতে হয় এবং হচ্ছে। জেলভীতি অনেকেরই থাকে, আমারও ছিল। ভীরু পায়ে শংকিত চিত্তে জেলখানার সদর দরজা পার হয়ে যখন ভিতরের দিকে হাঁটছিলাম তখন ঘুর্ণাক্ষরেও ভাবিনি দু’দিনেই জেলের ভয়কে জয় করে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট’ বলার মতো এতটা শক্তি ও সাহস অর্জনে সমর্থ হব। জেলখানায় রাজ্যের ভাবনা এসে ভিড় করে অলস মস্তিষ্কের পরতে পরতে। নিত্যদিনের সুন্দর প্রহরগুলো চার দেয়ালের অচলায়তনে আটকা পড়ে থাকে ঠিকই, বিনিময়ে জগতের যে বিচিত্র রূপ প্রত্যক্ষ করার সুযোগ ঘটে তাই বা কম কিসের।

কারাগারের দিনগুলো সোনার খাঁচায় না কাটলেও অ্যাডভেঞ্চার ও থ্রিলিং-এর সমন্বয়ে এ এক অদ্বিতীয় অভিজ্ঞতা। কথায় বলে, “জেলখানা তো পুরুষের জন্যই”। সত্যিই জেলখানায় গতির আনন্দ না থাকলেও যতির আয়েশ আছে। চলার বেগ না থাকলেও বলার আবেগ থাকে। দিনের কর্মহীন অলস প্রহরগুলো অনায়াসেই নিরঙ্কুশ কল্পনার মুক্ত বিহঙ্গ হয়ে

« <
/ 81
> »