জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

এ জন্যে সে ধন্যবাদের পাত্র।

আমার মনে হয়, বইটি সবার পড়া উচিত, বিশেষ করে সমাজের সচেতন নাগরিকদের এবং নীতি নির্ধারকদের, কেননা এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। কোন সভ্য মানব সমাজে এমন পরিবেশ কাংঙ্খিত নয়। বইটির বহুল প্রচার কামনা করি

প্রফেসর এমাজউদ্দীন আহমদ

সাবেক উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়।


পাঠকের প্রতি

আমি লেখক নই। গ্রন্থ রচনার উচ্চাভিলাষ কোন কালে আমার কল্পনায়ও ছিল না। জেলজীবন নিয়ে লেখাটা একেবারেই আকস্মিক। তবু পাঠকজনের প্রসন্ন হৃদয়ের কিছুটা ছোঁয়াও যদি পাই, তাও হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত। একটি বিষয় পরিষ্কার, যা লিখেছি এর কোনটাই রটনা নয়; সকলই ঘটনা। আমি দ্রষ্টা নই, দর্শক। তাই, সৃষ্টিকর্তার দেয়া চোখ দুটি দিয়ে কারাগারের চার দেয়ালের ভিতর যা দেখেছি, তার একটি সরল-সহজ চিত্রকল্প তুলে ধরার চেষ্টা করেছি। এ কোন বোদ্ধাজনের সাহিত্যকর্ম নয়, নয় কোন ভাবালু শিল্পীর কল্পনাবিলাস-এ শুধুই একজন জেলবন্দী রাজনৈতিক কর্মীর চোখের দেখাকে লেখায় রূপান্তর করার প্রচেষ্টা মাত্র। এই লেখার মাধ্যমে নিজেকে জাহির করা, কাউকে হেয় করা কিংবা শ্রেয় করা -এর কোনটাই আমার উদ্দেশ্য নয়। সোজা কথায়, যা দেখেছি তাই লিখেছি। যা শুনেছি, তাই বলেছি। গ্রহণ, বর্জন ও বিচারের ভার পাঠকজনের।

জেলখানাকে বলা হয় অবাক পৃথিবী। এই পৃথিবী আমার কাছে পরিচিত হলেও অনেকের কাছে অপার রহস্যঘেরা। এযাবৎকাল জেলজগৎ নিয়ে লেখা বইগুলোতে ব্যক্তি-অভিজ্ঞতা ও সমকালীন রাজনৈতিক চালচিত্র তুলে ধরার প্রচেষ্টা প্রাধান্য পেয়ে এসেছে। তাই কৌতূহলী পাঠকের কথা বিবেচনায় রেখে আমি চেষ্টা করেছি, এই অন্ধকার পৃথিবীর রহস্য উন্মোচনের। নিজস্ব বন্দীদশা ও রাজনীতিঘনিষ্ট জীবনধারা মূল্যায়নের চাইতে জেলখানার বন্দীদের দুর্দশাগ্রস্ত জীবন-মানের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তথ্যের উপস্থাপন ও বিশ্লেষণের কোন ভুলভ্রান্তি থাকলে তার দায়ভার আমার নিজস্ব।

আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রথিতযশা কথাসাহিত্যিক রাহাত খানের কাছে। তিনি আমার এই সামান্য কাজকে সমাদর করে এর দু’চারটি অনুচ্ছেদ ইত্তেফাকের মতামতের পাতায় প্রকাশের ব্যবস্থা করেছেন। কৃতজ্ঞ কবি আব্দুল হাই শিকদারের কাছে, বই হিসাবে প্রকাশের প্রথম অনুপ্রেরণা যার কাছ থেকে পাওয়া। যে সকল সহবন্দী তথ্য আহরণে সহযোগিতা করেছেন এবং অকৃত্রিম বন্ধু মিহির রঞ্জন দেব দুলাল ও অনুজপ্রতিম ফিরোজসহ যারা বই লেখার অগ্রগতির খোঁজ-খবর নিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন, বইটির প্রকাশ এদের সকলকে প্রীত করবে নিশ্চয়ই।

সরকারের দুঃশাসন ও কারাগারের অনিয়মের কথা

« <
/ 81
> »