সহবন্দী নাজিমের প্রচেষ্টায় এক প্যাকেট বেনসন সিগারেটের সুবাদে আয়েশ করে সহি-সালামতে আলাদা বিছানায় শোয়ার জায়গা হলো। শুধু ভাবি, ঐ এক প্যাকেট সিগারেট কাছে না থাকলে সেদিন কি-ই-না হতে পারত।
জীবনের এই অল্প পরিসরে বিচিত্র ভারতবর্ষের দার্জিলিং থেকে উটকামণ্ড হয়ে তাজমহল, বৃন্দাবন ও আন্দামান ঘুরে দেখেছি। এভারেস্টের দেশ নেপাল হয়ে ভূ-স্বর্গ কাশ্মীরে উড়ন্ত মেঘের ছোঁয়ার শিহরণ গ্রহণ করেছি। আধুনিক শহর ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, অকল্যান্ড, সিডনি হয়ে জাপানের টোকিও থেকে কোবে সিটি পর্যন্ত ঘুরে বেরিয়েছি। ইন্দোনেশিয়ার দ্বীপমালা হয়ে শ্রীলংকার বেনটোটা সমুদ্র সৈকতে ভ্রমণ করেছি। দ্বীপান্তরিত নেলসন ম্যান্ডেলার রবিন আইল্যান্ড, সাগর সংগমস্থল কেপ পয়েন্ট ও তাঞ্জানিয়ায় আফ্রিকার Safe forest-এর বিচিত্র রূপ প্রত্যক্ষ করেছি। তারপরও যদি কেউ প্রশ্ন করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি-জীবনের সুন্দর দর্শনের এতোসব অভিজ্ঞতার চেয়ে ঢাকা জেলের আমদানির সেই রাতে ঐ আস্ত কম্বলের বিছানাটি ছিল আমার কাছে অনেক বেশি প্রিয়।
যখন বিছানায় গা লাগানোর সুযোগ হলো তখন রাত ২টা। রাজ্যের প্রশান্তি এসে ধরা দিল শ্রান্ত শরীরে। চোখ বুঝতেই কবি জীবনানন্দের অন্তহীন ভাবনা এসে অলস মনে ধরা দিল-“বিছানার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর”। এরই মধ্যে এক লোক মাথা উঁচু করে নিচু গলায় বলল-“ভাই একটু বাথরুমে যাওন লাগব।” ওরে বাবা! তারা-মিয়ার সহযোগীরা তেলে-বেগুনে জ্বলে উঠল। একলাফে লোকটির সিনার উপর উঠে বসল। পশ্চাতদেশে মধ্যে গোটা দুই কঞ্চির বাড়ি দিয়ে বলে উঠল-“শালা, কল্লা হুতা”। মজার ব্যাপার হলো, ইলিশ ফাইল থেকে উঠে দাঁড়ালে সঙ্গে সঙ্গে দু’দিক থেকে চেপে এসে জায়গা দখল হয়ে যায়। আর এর জন্য শাস্তি সারারাত জেগে দাঁড়িয়ে থাকা। কাজেই প্রকৃতির ডাককে উপেক্ষা করে, সমস্ত কষ্ট-বেদনাকে কপালের লিখন মনে করে গুটিশুটি হয়ে সকালের অপেক্ষায় পড়ে রইলাম। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। শুরু হলো তারামিয়ার গলা খ্যাঁকরানি, “এই ঐখানে উঠলো কে রে?” অনুমান হলো, অন্ধকারে ভীতি প্রদর্শনের জন্য ফাঁকা বুলি ছাড়ছে। তবে পাদুকা জোড়া বুকের কাছে নিয়ে ঘুমানোর এহেন প্রক্রিয়া বড়ই নির্মম। পরিশ্রান্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। তবে অনুভব করলাম, ঘুমের ঘোরে পার্শ্বের বিছানায় তারামিয়া ও তার সহযোগীরা রাতের নগদ প্রাপ্তির হিসাব-নিকাশ করছে। সিগারেট দশ প্যাকেট, নগদ বায়ান্ন টাকা, সোনার চেইন একটি। নগদ প্রাপ্তি তেমন না হলেও
