কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ لِلَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ، ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ، ابْنِ خَلِيلِ اللَّهِ»

“আবূ হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত—রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কে?’ তিনি বললেন—‘তাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে’। তারা বলল—‘আমরা এ বিষয়ে জিজ্ঞাসা করছি না’। তিনি বললেন—‘তবে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত হলেন আল্লাহর নবী ইউসুফ; যিনি আল্লাহর নবীর পুত্র, যিনি আল্লাহর নবীর পৌত্র, যিনি আল্লাহর খলীল (ইবরাহীম)-এর প্রপৌত্র’।” [সহীহুল বুখারী, হাদীস: ৩৩৭৪]

ধৈর্যের পর চূড়ান্ত বিজয়

এই কাহিনির মূল নির্যাস হলো—যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তাঁদের পুরস্কৃত করেন।

إِنَّهُ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ

“নিশ্চয়ই যে ব্যক্তি তাক্বওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।” [সূরাহ ইউসুফ: ৯০]

অধ্যায়ের শিক্ষা:

আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস: ইউসুফ (সা.)-কে কূপে নিক্ষেপ করা হয়েছিল ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ সেই কূপকেই তাঁর রাজসিংহাসনে যাওয়ার সোপান বানিয়েছিলেন।

তাক্বওয়া ও পবিত্রতা: শত প্রলোভনের মুখেও নিজের চরিত্র পবিত্র রাখা মুমিনের ভূষণ, যা ইউসুফ (সা.) হাতে-কলমে শিখিয়েছেন।

হিংসার ভয়াবহতা: আপন ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে কী পরিমাণ নিষ্ঠুর হতে পারে, তা এ কাহিনি থেকে প্রতীয়মান হয়।

স্বপ্নের গুরুত্ব: নবীদের স্বপ্ন সত্য এবং তা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা।

ক্ষমা ও মহত্ত্ব: ক্ষমতা পাওয়ার পর প্রতিশোধ না নিয়ে অপরাধী ভাইদের ক্ষমা করে দেওয়া ছিল ইউসুফ (সা.)-এর চরিত্রের মহানুভবতা।

অধ্যায়- ২: ইউসুফ (সা.) এর স্বপ্ন

শৈশবে ইউসুফ (সা.) একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেন, যা তিনি তাঁর পিতা ইয়াক্বূব (সা.)-এর কাছে বর্ণনা করেন। তিনি দেখেছিলেন—চন্দ্র, সূর্য এবং এগারোটি নক্ষত্র তাঁকে সিজদা করছে। ইয়াক্বূব (সা.) একজন নবী হওয়ায় স্বপ্নের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, তাঁর এই পুত্র ভবিষ্যতে অত্যন্ত উচ্চ মর্যাদায় আসীন হবে। তবে তিনি ইউসুফ (সা.)-কে এই স্বপ্নের কথা তাঁর ভাইদের কাছে প্রকাশ করতে নিষেধ করেন, যেন তাঁরা হিংসার বশবর্তী হয়ে কোনো ক্ষতি না করে।

ইউসুফ (সা.)-এর সেই বিস্ময়কর স্বপ্ন

কুরআন মাজীদে ইউসুফ (সা.)-এর স্বপ্নটি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।

« <
/ 118
> »